উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে গাছে বেঁধে নির্যাতন


প্রকাশিত: ০৭:৫১ এএম, ১৯ মে ২০১৫

মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় গাছে বেঁধে ও ছুরিকাঘাত করে আমিরুল ইসলাম (৩৫) নামে এক স-মিল শ্রমিককে নির্যাতন করা হয়েছে। গুরুতর অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় মিল মালিক আব্দুল হালিমকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে সদরের শেখহাটিতে এ ঘটনা ঘটে।

আহত আমিরুল ইসলাম যশোর উপশহরের ৯নম্বর সেক্টরের আব্দুল সুবহানের ছেলে। আমিরুল ইসলাম জানিয়েছেন, তিনি শেখহাটি জামরুলতলার আব্দুল হালিমের স-মিলে শ্রমিকের কাজ করতেন। এসময় মালিকের সাথে কিছু লেনদেন বকেয়া পড়ে। এরপর তিনি কাজে যাওয়া বাদ দেন। আব্দুল হালিম তার কাছে টাকা না চেয়ে তার মেয়ের মোবাইল নাম্বার যোগাড় করে তাকে বিরক্ত করতে থাকে। এক পর্যায়ে ওই টাকার জন্য কুপ্রস্তাব দেয়।

এতে সাড়া না দেয়ায় আব্দুল হালিম প্রায় তাকে ফোন করে পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিয়ে আসছিলো। আমিরুল ইসলাম সোমবার রাতে আব্দুল হালিমের বাড়িতে গিয়ে মেয়েকে উত্যক্ত করতে নিষেধ করেন। এসময় তাদের মধ্যে হাতাহাতি হয়। আমিরুল ইসলাম এক পর্যায়ে আব্দুল হালিমের আঙ্গুলে কামড় দেন।

এরপর আব্দুল হালিম ও তার লোকজন আমিরুল ইসলামকে ধরে গাছে বেঁধে বেধড়ক মারপিট ও ছুরিকাঘাত করে। লোকমুখে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিরুল ইসলামকে গাছে বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পায়। এরপর তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী জানান, তারা আমিরুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি ও নির্যাতনকারী আব্দুল হালিমকে আটক করেছে। তিনি বলেন, পাওনা টাকা নিয়ে গোলযোগের জের ধরে এ ঘটনা ঘটেছে। টাকার জন্য আমিরুলের মেয়েকে হালিম উত্যক্ত করতো কিনা তা জানা নেই।

মিলন রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।