সহিংসতা বন্ধ হওয়ায় আনসারদের অব্যাহতি : কার্যালয় ঘেরাও
নাশকতা রোধে ও মহাসড়কে যানবাহন চলাচলে নিরাপত্তা দিতে কিছুদিন আগে বরিশাল নগরীতে ১০০ জন আনসার সদস্য নিয়োগ দেয়া হয়। তবে সম্প্রতি সহিংসতা বন্ধ হয়ে যাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে বুধবার তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
এর প্রেক্ষিতে- তিন মাসের বেতন বাকি ও চাকরি থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে বরিশাল নগরীর কাশিপুরে আনসার ভিডিপির জেলা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত সদ্যরা। বুধবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। পরে বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে আন্দোলনকারীরা কর্মসূচি থেকে সরে আসেন।
আনসার ভিডিপির জেলা কার্যালয় সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত আদেশক্রমে গত ২৩ ফেব্রুয়ারি নাশকতা রোধে ও মহাসড়কের যানবাহন চলাচলে নিরাপত্তা দিতে নতুন করে বরিশাল নগরীতে ১০০ জন আনসার সদস্যকে সাময়িক নিয়োগ দেয়া হয়। নিয়োগের পর তারা দায়িত্ব পালন করে আসচ্ছিলেন। এক সময় সহিংসতা বন্ধ হয়ে যায়। এর প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে বুধবার সকাল থেকে ১০০ জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
চাকরি থেকে অব্যাহতি পাওয়া আনসার কমান্ডার (পিসি) সরল কুমার দাস জানান, ৬ মাসের কথা বলে তাদের নিয়োগ দেয়া হয়। নিয়োগের পর থেকে এখন পর্যন্ত তারা (১০০ জন সদস্য) কোন বেতন পাননি। আর আজ (বুধবার) সকালে আকস্মিকভাবে ওই ১০০ জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। খবর শুনে সকলে আনসার ভিডিপির জেলা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন।
আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট কামাল হোসেন জানান, সাময়িক সময়ের জন্য তাদের নিয়োগ দেয়া হয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে তাদের অব্যাহতি প্রদান করা হয়। মন্ত্রণালয় থেকে এ বাবদ অর্থ বরাদ্দ না থাকায় তাদের বেতন দেয়া যায়নি। তবে তাদের বকেয়া বেতন পরিশোধের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারাও যথাসাধ্য চেষ্টা করছে। বিষয়টি তাদের বোঝালে তারা চলে যান।
এসএইচএস/পিআর