ঢাকা থেকে বরিশাল ও খুলনা বিভাগের বাস বন্ধ
ঢাকা থেকে বরিশাল ও খুলনা বিভাগের সকল জেলা রুটের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে ঢাকা থেকে বরিশালগামী দূরপাল্লার বাস বন্ধ রয়েছে।
ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে সংশ্লিষ্ট বাসের ৩ কর্মচারীকে গ্রেফতার করার প্রতিবাদে ঢাকার গাবতলী বাস টার্মিনাল কেন্দ্রিক শ্রমিক ইউনিয়ন বরিশাল ও খুলনা বিভাগের বাস চলাচল বন্ধ করে দিয়েছে।
বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার রাত থেকে ঢাকা থেকে বরিশাল তথা দক্ষিণাঞ্চলের রুটগুলোতে কোন বাস ছাড়েনি। তবে সকালে বরিশাল বাস স্ট্যান্ড থেকে ঢাকাগামী কয়েকটি বাস ছেড়ে গেছে। ঢাকা থেকে ট্রিপ দিয়ে বাস না আসায় বাসের সংকটের কারণে দুপুর ১২টার পর বরিশাল থেকেও বাস চলাচল বন্ধ হয়ে যায়।
গাবতলী বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সদস্য আবুল হোসেন জানান, সোমবার রাতে সোহাগ পরিবহনের একটি বাস ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। গভীর রাতে ফরিদপুরের মধুখালী উপজেলা সীমানার মধ্যে পৌছলে যাত্রীবেশী একদল ডাকাত যাত্রীদের মালামাল লুণ্ঠন করে। ডাকাতির সঙ্গে বাসের কর্মচারীরা জড়িত যাত্রীদের এমন অভিযোগের ভিত্তিতে ওই বাসের ৩ কর্মচারীকে আটক করেছে মধুখালী পুলিশ। আটক বাস শ্রমিকদের মুক্তির দাবিতে মঙ্গলবার রাত থেকে দক্ষিণবঙ্গের রুটগুলোতে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
সাইফ আমীন/এসএইচএস/আরআই