বিএম কলেজছাত্র শাহিনের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন
বরিশাল বিএম কলেজের ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মো. শাহিন সরদার কিসলুর (২৪) হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিএম কলেজ ক্যাম্পাসের সামনে শিক্ষার্থীরা, শিক্ষক- কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক।
মানববন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষক পরিষদের সম্পাদক এসএম কাইউম উদ্দিন, অধ্যাপক শাহ সাজেদা, গোলাম মোর্শেদ সহ অন্যান্যরা। বক্তারা মেধাবী ছাত্র শাহিনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শিক্ষক পরিষদের সম্পাদক এসএম কাইউম উদ্দিন জানান, গত ১৩ মে নগরীর চক বাজার রোডের আবাসিক হোটেল বরিশালের ১০৩ নম্বর কক্ষের তালা ভেঙ্গে বিএম কলেজ ছাত্র এবং ঝালকাঠীর নলছিটির নলবুনিয়া গ্রামের এনায়েত হোসেন সরদারের ছেলে শাহিনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১৭ মে একই উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত সেরাজউদ্দিন হাওলাদারের ছেলে বশিরউদ্দিন হাওলাদারকে আসামি করে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। পুলিশ অদ্যাবধি এই মামলার আসামি গ্রেফতার করতে না পারায় তারা এই কর্মসূচি পালন করেন।
সাইফ আমীন/এসএইচএস/পিআর