সিলেটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর যাবজ্জীবন


প্রকাশিত: ০২:২৯ পিএম, ২০ মে ২০১৫

সিলেটের কানাইঘাটে স্ত্রীকে শ্বাসরুদ্ধে হত্যার অভিযোগে স্বামী কাওসার আহমদকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার বিকেলে সিলেট অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. ওয়ালিউল ইসলাম এই দণ্ডাদেশ দেন।

রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত কাওসার আহমদ (৩০) সিলেট জেলার কানাইঘাট উপজেলার বড়চতুল গ্রামের মখলিছুর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ৩০ আগস্ট মধ্যরাতে স্ত্রী রাজনা বেগমকে (২২) শ্বাসরুদ্ধ করে হত্যা করে তার স্বামী কাওসার আহমদ। হত্যার পর মরদেহ ফেলে দেন বাড়ির পার্শ্ববর্তী একটি নালায়। পরদিন পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের রিপোর্টে রাজনার শরীরে আঘাতের চিহ্ন, গলায় শ্বাসরুদ্ধ করে হত্যার চিহ্ন এবং নাক দিয়ে রক্ত বের হওয়ার বিষয়টি ধরা পড়ে।

এ ঘটনায় নিহত রাজনার বাবা বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কানাইঘাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পঞ্চম নন্দী ২০১০ সালের ৩০ এপ্রিল রাজনার স্বামী কাওসারকে একমাত্র আসামি উল্লেখ করে আদালতের চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানির পর বুধবার আদালত এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সুজিত কুমার বৈদ্য জানান, হত্যাকাণ্ডের ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রাজনার স্বামী কাওসারকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে আদালত।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।