তিন কোটি টাকার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক গ্রেফতার
কক্সবাজারের টেকনাফ সীমান্তে সোয়া তিন কোটি টাকা মূল্যের ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেেশর (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার ভোরে টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মিয়ানমার মংডু সুধাপাড়া এলাকার আবুল বাশারের ছেলে মো. আয়াত (২০) ও একই এলাকার মকবুল আহম্মেদের ছেলে মো. মামুনুল (২৫)।
২-বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম বলেন, টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া লবন মাঠ এলাকা দিয়ে ইয়াবার চালান প্রবেশের গোপন সংবাদে অভিযান চালানো হয়।
এ সময় দুইজন লোককে পিঠের সঙ্গে কাপড় মোড়ানো পলিথিনের ব্যাগসহ আসতে দেখে বিজিবি তাদের দাড়াতে বলে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি ধাওয়া করে তাদের ধরে তিনটি ব্যাগ উদ্ধার করে। পরে তা খুলে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা পায়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা।
তিনি আরও বলেন, উদ্ধার ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিকদের থানায় সোপর্দ করে মাদক ও বৈদেশিক নাগরিক আইনে পৃথক মামলা করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/জেআইএম