কারাগারে মুজাহিদের সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ


প্রকাশিত: ০৭:৩১ এএম, ২৩ মে ২০১৫

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের আপিলের যুক্তিতর্ক ২৪ মে রোববার অনুষ্ঠিত হবে। এজন্য শনিবার নারায়ণগঞ্জ কারাগারে বন্দি মুজাহিদের সঙ্গে দেখা করেছেন তিনজন আইনজীবী।
 
জানা গেছে, সুপ্রীম কোর্টের আইনজীবী শিশির মনিরের নেতৃত্বে তিন সদস্যের আইনজীবীদের একটি দল মুজাহিদের সঙ্গে দেখা করেন। অপর দুইজন হলেন অ্যাডভোকেট নাজিবুর রহমান ও এহসান সিদ্দিকী। সকাল ১০টা ২৫ মিনিটে এ তিনজন নারায়ণগঞ্জ কারাগারে প্রবেশ করেন। বেলা ১১টা ১০ মিনিটে তারা বেরিয়ে সাংবাদিকদের জানান, ২৪ মে আপিলের যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। এজন্য দিক নির্দেশনা নিতেই তারা কারাগারে এসেছিলেন। তার সঙ্গে কী ধরনের আলোচনা হয়েছে তা সুনির্দিষ্টভাবে কিছু জানাননি তারা।

এদিকে মুজাহিদের সঙ্গে তার আইনজীবীদের সাক্ষাতের বিষয় সম্পর্কে নারায়ণগঞ্জ কারা কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি।
এর আগে গত ২৯ এপ্রিল এবং ৪, ৫, ৬ ও ১৭ মে  মুজাহিদের আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
 
প্রসঙ্গত, ২০১৩ সালের ১১ আগস্ট মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন মুজাহিদের আইনজীবীরা। ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদের বিরুদ্ধে আনীত রাষ্ট্রপক্ষের ৭টি অভিযোগের মধ্যে ৫টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল।

মো.শাহাদাৎ হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।