নারায়ণগঞ্জে ছোটভাইকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন বড় ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার (১৫ মে) সকাল ছয়টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চট্টলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. মোহন (৩২) ওই এলাকার বাবুল মিয়ার ছেলে। অভিযুক্ত বড় ভাইয়ের নাম মো. উজ্জ্বল (৩৪)।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে এ পরিবারটিতে গত কয়েকদিন ধরেই ঝগড়া-বিবাদ চলছিল। এরই মধ্যে শুক্রবার সকালে ঝগড়ার এক পর্যায়ে বড়ভাই ছোটভাইকে ধারালো বঁটি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে পরিবারের অপর সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, পারিবারিক কলহের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পুলিশ রক্তমাখা বঁটি উদ্ধার করেছে। তবে অভিযুক্ত পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে/জেআইএম