খুলনায় চলছে আন্তঃজেলা পরিবহন ধর্মঘট
খুলনা থেকে ঢাকাগামী পরিবহন ধর্মঘটের পাশাপাশি বিভাগীয় আন্তঃজেলা পরিবহন ধর্মঘটও চলছে। এতে করে যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
ফরিদপুরে দুই বাস শ্রমিককে নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং ফরিদপুর পুলিশ সুপার ও মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার ধর্মঘটের ডাক দেয় খুলনা বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। কিন্তু প্রশাসন সে বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়ায় শুক্রবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়।
ধর্মঘটে খুলনা বিভাগের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্নসহ খুলনা বিভাগের সকল রুটে যান চলাচল বন্ধ রয়েছে। অচল হয়ে পড়েছে পুরো খুলনা বিভাগ। ফরিদপুরে মধুখালী পুলিশের হাতে আটক দুই চালক ও শ্রমিককে মুক্তি না দেয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।
খুলনা বিভাগীয় বাস-মিনিবাস মালিক শ্রমিক এক্য পরিষদের আহ্বায়ক সাবেক এমপি আব্দুল গাফ্ফার বিশ্বাস বলেন, আমরা জানি যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু কোনো উপায় দেখছি না। প্রশাসন আমাদের কথায় কোনো প্রকার তোয়াক্কা না করায় আমাদেরকে ধর্মঘট অব্যাহত রাখতে হচ্ছে।
এদিকে, খুলনা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনা জানান, দাবি আদায়ের লক্ষ্যে ঢাকাগামী পরিবহন ধর্মঘটের পাশাপাশি শুক্রবার থেকে খুলনা বিভাগীয় আন্তঃজেলা পরিবহন ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছি।। আমাদের দাবি না মানলে আগামী ২৫ তারিখের পর কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আলমগীর হান্নান/এসএস/এমএস