বলি খেলা নিয়ে গোলাগুলি : আহত ছয়
চট্টগ্রামের সন্দীপে বলি খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের গোলাগুলিতে পাঁচজন গুলিবিদ্ধসহ ছয় জন আহত হয়েছে। শুক্রবার রাতে সন্দীপের কাটিয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন- মো. মাঈন উদ্দিন (২৩), আরিফুল ইসলাম (২১), গোলাম মাওলা (৪৩), লিটন (৩৫) ও রুবেল (২১) এবং তেল পড়ে আহত হয়েছেন মো. হাফেজ (৪০)।
সন্দীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, কাটিয়াপাড়া এলাকায় মেলা চলা অবস্থায় রাতে বলিখেলার আয়োজন করে মেলা কর্তৃপক্ষ। রাত আড়াইটার দিকে হঠাৎ দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এই ঘটনায় গুলিবিদ্ধ হন পাঁচজন। এ সময় ছোটাছুটি করতে গিয়ে খাবারের দোকানের কড়াই থেকে গরম তেল ছিটকে পড়ে আরো একজন আহত হয়।
তিনি জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
চৌধুরী লোকমান/এসকেডি/আরআই