আ.লীগ আবার ক্ষমতায় যেতে চায় : সেতুমন্ত্রী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১১:৪৬ এএম, ১৯ জুলাই ২০১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কার্যকলাপে মনে হয়, তারা ক্ষমতায় আসবে- ইসি এই নিশ্চয়তা দিলেই তারা সন্তুষ্ট হবে। 

তিনি বলেন, বিএনপিকে খুশি করা সম্ভব নয়। বিএনপি ইসিকে বিতর্কিত করতে অর্বাচীনের মতো বকছে। তাদের কার্যকলাপের কারণে নির্বাচনের প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে। 

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ইসিকে নিয়ে বিএনপির অভিযোগের বাস্তব কোনো ভিত্তি নেই উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন যদি সংবিধানের বাইরে যায়, তার সমালোচনা আমরা করব, সে ব্যাপারে আমাদের প্রতিক্রিয়া দেব। আওয়ামী লীগ দেশের জনগণের সমর্থন নিয়ে আবার ক্ষমতায় যেতে চায়। ইসি আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে পারবে না। নির্বাচন কমিশনের কোনো দলকে ক্ষমতায় নেয়ার ক্ষমতা নেই।

তিনি বলেন, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে রাজধানীসহ বিভিন্ন পয়েন্টে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে। নিয়ম অমান্য করায় এ পর্যন্ত ২১টি মামলাসহ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজধানীসহ সব জেলায় শুক্রবার ছাড়া প্রতিদিন এ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলবে।  

তিনি অবিলম্বে ফিটনেসবিহীন গাড়ি বর্জন করতে পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানান। তা না হলে সাঁড়াশি অভিযান চালানো হবে বলে হঁশিয়ারি দেন সেতুমন্ত্রী।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিআরটিএ’র পরিচালক (প্রশাসন) নাজমুল আহসান মজুমদার, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান ফারহান সুমেল ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই মোল্লা তাসলিম হোসেন প্রমুখ।

হোসেন চিশতী সিপালু/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।