ত্রিশালে নজরুলের জন্মজয়ন্তী উৎসব শুরু
উৎসবমুখর পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে শুরু হয়েছে তিন দিনব্যাপী কবির ১১৬ তম জন্ম উৎসব। সোমবার সকাল ১০ টায় নজরুল শুভাযাত্রা বের করে ত্রিশাল উপজেলা প্রশাসন ও যুগান্তর স্বজন সমাবেশ। এতে অংশ নেয় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
দুপুর ১২টায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বর্ণাঢ্য এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
গাহি সাম্যের গান মঞ্চে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী, নজরুল গবেষক অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ ও নজরুল অনুবাদক ও গবেষক অধ্যাপক ড. নিয়াজ জামান। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের শুভ উদ্বোধন করেন।
বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তীর অংশ হিসেবে নজরুল মঞ্চে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান শাহীন, নজরুল স্বারক বক্তা ছিলেন নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ও ২০১৫ সালে সাহিত্যে একুশে পদকপ্রাপ্ত নজরুল বিশেষজ্ঞ মুহাম্মদ নুরুল হুদা।
এদিকে, প্রথম দিনেই জমে উঠেছে নজরুল গ্রামীণ মেলা। শিশু, যুবক, বৃদ্ধসহ সব বয়সী মানুষের পদচারণায় উৎসবমুখর হয়ে উঠেছে অনুষ্ঠানস্থল, নজরুল গ্রামীণ মেলা ও বইমেলাসহ গোটা পৌর-শহর। এছাড়াও নজরুল জন্মজয়ন্তীকে ঘিরে ত্রিশালে দরিরামপুর স্কুল মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী নজরুল মেলা।
আতাউল করিম খোকন/এআরএ/আরআইপি