রংপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২১ এএম, ২৮ মে ২০১৫

রংপুরের বদরগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফারজিনা আক্তার আশামনি নামে (১১) পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে উপজেলার বাতাসন গ্রামের ঘনুর ব্রিজ এলাকায় এ দুঘর্টনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ফারজিনা আক্তার আশামনি বাতাসন গ্রামের আজাবুল হোসেনের মেয়ে। আহতরা হলেন, একই এলাকার ফরিদুল ইসলামের মেয়ে ও ৩য় শ্রেণির শিক্ষার্থী ফারহানা (১০) এবং রফিকুল ইসলামের মেয়ে ও ৫ম শ্রেণির শিক্ষার্থী রেখা (১১)। তারা ৩ জনই ওই এলাকার মাঠেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী মহসীন আলী জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ফারজিনা আক্তার আশামনি তার অন্য সহপাঠীদের সাথে পাশের মসজিদের মক্তবে আরবী পড়তে যাচ্ছিল। এসময় মিঠাপুকুর থেকে দিনাজপুরের ফুলবাড়িমুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪২৭০) ঘনুর ব্রিজ এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় আশামনিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয় এবং আহত হয় ফারহানা এবং রেখা। পরে এলাকাবাসী আহত দুইজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটিসহ চালককে আটক করে মিঠাপুকুর-ফুলবাড়ি সড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।