১৫০ গ্রামের বাসিন্দাদের বিপর্যয় থেকে রক্ষার দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১০:০৩ এএম, ২৯ জুলাই ২০১৭

যশোরেরর অভয়নগর, মণিরামপুর, কেশবপুর তথা ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার শিকার ১৫০ গ্রামের বাসিন্দাদের মানবিক বিপর্যয় থেকে রক্ষার দাবি জানানো হয়েছে।

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে ও মানবিক বিপর্যয় রোধে অবিলম্বে পরিকল্পিত জোয়ারাধারের সিদ্ধান্ত বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা।

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা সংবাদ সম্মেলন করে এ দাবি জানান। প্রেসক্লাব যশোর মিলনায়তনে শনিবার দুপুরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রনজিৎ বাওয়ালী বলেন, যশোরের অভয়নগর, মণিরামপুর, কেশবপুরের ১৫০টির মতো গ্রাম, বাজারঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, ফসল ও মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। এলাকার লাখ লাখ মানুষ এখন পানিবন্দি। সরকার প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড এখনও যদি সজাগ ও সতর্ক না হয়, তাহলে ভবদহে আগের মতো বিপর্যয় দেখা দেবে।

তিনি বলেন, গত ১৬ মার্চ যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার দীর্ঘমেয়াদী সমাধানকল্পে এক জাতীয় কর্মশালায় পানিসম্পদমন্ত্রী আনিসুল হক মাহমুদের উপস্থিতিতে পুনরায় টিআরএম করার সিদ্ধান্ত হয়। কিন্ত আজও সে সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবার কবীর জাহিদ, প্রধান সমন্বয়ক বৈকুণ্ঠ বিহারী রায়, যুগ্ম সমন্বয়ক গাজী আব্দুল হামিদ, কেশবপুর উপজেলা-ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী, কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক অনিল বিশ্বাস ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি যশোর জেলা কমিটির সম্পাদক জিল্লুর রহমান ভিটু প্রমুখ।

মিলন রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।