যশোর-সাতক্ষীরা রুটের বাসের ছাদে যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০২:৩১ পিএম, ২৯ জুলাই ২০১৭

যশোর থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাসের ছাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল যশোর-মনিরামপুর-সাতক্ষীরা মহাসড়কের মনিরামপুরের দক্ষিণমাথা কালিবাড়ি বাস স্টপেজ থেকে মরদেহটি উদ্ধার করে।

মরদেহের কপালের বামপাশে ও নাকে আঘাতে থেঁতলে যাওয়ার চিহ্ন রয়েছে। তার সঙ্গে একটি ব্যাগে ভেজা লুঙ্গি ও গেঞ্জি পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন- মনিরামপুর কলেজ সংলগ্ন মহাসড়কে একটি নিচু খই গাছের ঢাল আছে। যা ছাদ ঘেঁষা। তাতে আঘাত লেগে যুবকের মৃত্যু হতে পারে।

পুলিশ জানায়, যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শনিবার পৌনে ৭টার দিকে সাতক্ষীরার উদ্দেশ্যে মাশআল্লাহ এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো-জ-১৪-০২৭৬) নম্বরের গাড়িটি নিয়ে চালক রওনা দেন। সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে বাসটি মনিরামপুর দক্ষিণমাথা বাস স্টপেজে থামে। বাসটি থামার সঙ্গে সঙ্গে চালক ও হেলপার ছাদে মরদেহ রয়েছে কথাটি বলে পালিয়ে যায়। বাসের যাত্রীরাও সটকে পড়ে। খবর পেয়ে সকাল ৮টার দিকে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব পাল বলেন, নিহতের মাথা থেঁতলে গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

মনিরামপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জেসমিন জানান, যুবকটি দুর্ঘটনায় মারা গেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তার পরিচয় এখনও জানা যায়নি।

মিলন রহমান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।