ছাগল চুরি করে ধরা, মামা-ভাগ্নেকে গণপিটুনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:১০ পিএম, ০২ আগস্ট ২০১৭

যশোরের মনিরামপুর উপজেলায় ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়েছেন মামা ও ভাগ্নে। এ সময় দুজনকে গণপিটুনি দেয় স্থানীয়রা। এতে মামা ও ভাগ্নে আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, খুলনার ফুলতলা এলাকার জুয়েল রানা ও তার ভাগ্নে শিমুল বিশ্বাস মোটরসাইকেল নিয়ে বুধবার সকালে ঘুরতে বের হয়।

দুপুরের দিকে যশোরের মনিরামপুর এলাকায় ঢাকুরিয়ার ধর্মপুরে তাদের সামনে একটি রাম ছাগল পড়ে। এ সময় মোটরসাইকেলে ছাগলটি উঠিয়ে পালানোর সময় বিষয়টি বুঝতে পারে আশপাশের লোকজন। পরে ধাওয়া করে স্থানীয়রা।

কিছু দূর যাওয়ার পর তাদের ধরে স্থানীরা। পরে তাদের গণপিটুনি দেয়া হয়। এতে তারা গুরুতর আহত হন। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি।

আহত জুয়েল রানা খুলনার ফুলতলা এলাকার দাশপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। অন্যজন একই গ্রামের আবুল কামাল আজাদের ছেলে শিমুল বিশ্বাস। সম্পর্কে তারা মামা-ভাগ্নে বলে পুলিশ ও আহতরা জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মনিরামপুর থানায় ছাগল চুরির মামলা হয়েছে।

মিলন রহমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।