বেনাপোলে ১২ স্বর্ণের বারসহ আটক ১
যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ১২টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।
আটক পাচারকারী আশিক রায়হান (২৫) শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। গাতিপাড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
যশোর ৪৯-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন গাতিপাড়া সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান ভারতে পাচারের চেষ্টা চলছে।
এর ভিত্তিতে তারা ওই সীমান্ত এলাকায় অভিযান চালান। অভিযানকালে মোটরসাইকেলসহ আশিককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার স্বর্ণের বারের ওজন ১ কেজি ৪০০ গ্রাম। এর আনুমানিক মূল্য ৫২ লাখ ৬০ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে। এ নিয়ে গত এক মাসের ব্যবধানে সীমান্ত থেকে ৭টি সোনার চালান আটক করলো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মিলন রহমান/এএম/জেআইএম