কুমিল্লায় ৪০ লাখ টাকা ছিনতাই : অস্ত্রসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১১ আগস্ট ২০১৭

কুমিল্লা মহানগরী থেকে প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাত করে রেলওয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্সের ৪০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিন ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। শুক্রবার দিনভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

সন্ধ্যায় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মঞ্জুর আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- নগরীর সংরাইশ মধ্যপাড়া এলাকার ইদ্রিস মিয়ার ছেলে আল আমিন (২৬), একই এলাকার আবদুল ওহাবের ছেলে সজিব মিয়া (২৫)। পরে তাদের স্বীকারোক্তিতে একই এলাকার পশ্চিম পাড়া থেকে মনজিল মিয়ার ছেলে মো. মাসুম হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ রাউন্ড গুলিসহ একটি পিস্তল, ২ রাউন্ড কার্তুজসহ একটি এলজি এবং ৮টি রামদা উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে নগরীর মনোহরপুর শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ৪০ লাখ টাকা উত্তোলনের পর দক্ষিণ চর্থা থিরাপুকুর পাড় এলাকায় টাকা ছিনতাইয়ে সরাসরি অংশ নেন গ্রেফতার তিন ছিনতাইকারীসহ তাদের আরও কয়েকজন সহযোগী। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চালানো হয়।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুর আলম জানান, গ্রেফতাররা ৪০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল। এ বিষয়ে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

কামাল উদ্দিন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।