কক্সবাজারে ইয়াবাসহ আটক ১০


প্রকাশিত: ১০:২৫ পিএম, ০১ জুন ২০১৫

কক্সবাজারের সাগরে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজারের র‌্যাব-৭ এর সদস্যরা। এ সময় ট্রলারটির ১০ জন মাঝি-মাল্লাকে আটক করা হয়েছে।
 
সোমবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারের কলাতলী সৈকতের উপকূল থেকে ৫ কিলোমিটার গভীর সাগরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সহ-অধিনায়ক এএসপি দেলোয়ার হোসেন।
 
তিনি জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাছ ধরার ট্রলার ও স্পিডবোটে অভিযান চালিয়ে এফবি রেখা নামক ট্রলারটি থেকে পাঁচটি স্কুল শিক্ষার্থীদের ব্যাগ ভর্তি পলিথিন মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। এ সময় ট্রলারসহ ১০ জন আটক করা হয়। পরে গভীর সাগর থেকে ট্রলারটি রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বাঁকখালী নদীর বিআইডব্লিউটি এর ল্যান্ডিং ষ্টেশনে নিয়ে আসা হয়।
 
তিনি জানান, উদ্ধার করা ইয়াবাগুলো গণনা করে এ ব্যাপারে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।