শাহ আমানতে দুদিনে আরও ১০ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৩৩ এএম, ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে গত দুদিনে বিভিন্ন এয়ারলাইন্সের ১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

শুক্র ও শনিবার (১০ ও ১১ এপ্রিল)—এ দুই দিনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত একটি আগমনী ফ্লাইট বাতিল হয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আগমনী ও চারটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়। এছাড়া এয়ার আরাবিয়ার শারজাহ রুটের একটি আগমনী ও একটি প্রস্থান ফ্লাইট এবং সালাম এয়ারের মাস্কাট রুটের একটি আগমনী ও একটি প্রস্থান ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে একই সময়ে বিভিন্ন এয়ারলাইন্সের ১৫টি আগমনী ও ১১টি প্রস্থান ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে বলে জানানো হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে কিছুদিন ধরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো পুনরায় স্বাভাবিক হওয়ার দিকে এগোচ্ছে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতির প্রভাবের কারণে এখন পর্যন্ত মোট ২৯৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক হলে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আরও স্থিতিশীল হবে।

এমআরএএইচ/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।