শ্রীপুরে ট্রাকচাপায় শ্রমিক নিহত : মহাসড়ক অবরোধ


প্রকাশিত: ০৬:২০ এএম, ০২ জুন ২০১৫

গাজীপুরের শ্রীপুরে করাখানা শ্রমিক ট্রাকচাপায় নিহত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করেছেন সহকর্মী শ্রমিকরা। এসময় মহাসড়কের উভয় পাশে ৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সড়কে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

মঙ্গলবার সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দেড় ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখা হয়। নিহত শ্রমিক মাজহারুল ইসলাম (২৭) শ্রীপুর পৌরসভার গিলারচালা এলাকার ভিনটেজ ডেনিম লিমিটেডের সুইং অপারেটর। তিনি গফরগাঁওয়ের পাগলা থানার লংগাইর (গোলবাড়ী) গ্রামের নাছির উদ্দিনের ছেলে।


ভিনটেজ ডেনিম লিমিটেড কারখানার কোয়ালিটি বিভাগের ব্যবস্থাপক মাহবুবুর রহমান জাগো নিউজকে জানান, সকাল পৌনে ৮টার দিকে মাজহারুল বাইসাইকেল দিয়ে মহাসড়ক পার হওয়ার সময় পেছন দিক থেকে ঢাকাগামী মালবাহী ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এসময় তিনি মহাসড়কে ছিটকে পড়ে যান। পরে শ্রমিক নিহতের গুজবে তার সহকর্মী শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইটের গুড়ি ফেলে অবরোধ করে রাখেন। তাকে কারখানার তত্ত্বাবধানে ঢাকার পঙ্গু হাসপাতাল নেয়ার পথে তিনি মারা যান।


গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম জাগো নিউজকে জানান, শ্রমিক নিহতের গুজবে স্থানীয় ভিনটেজ ডেনিম লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে তারা ওই মহাসড়কে ফ্লাইওভারের দাবিতে বিক্ষোভ করেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ৩৫ রাউন্ড ফাঁকা গুলি ও ৬ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৯টায় যানবাহন চলাচল শুরু হয়। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
                
মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।