বরিশালে টেন্ডার নিয়ে ছাত্রলীগের দু`পক্ষের সংঘর্ষে আহত ৫


প্রকাশিত: ০৮:১৯ এএম, ০২ জুন ২০১৫

বরিশালে গণপূর্ত অধিদফতরে ৫ কোটি ৯০ লাখ ৬৬ হাজার টাকার টেন্ডার জমা দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু`পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। এসময় তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয় ভাঙচুর চালান ছাত্রলীগ নেতাকর্মীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর জিলা স্কুল সংলগ্ন গণপূর্ত অধিদফতরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশালের দপদপিয়াতে মেরিন একাডেমির একটি ভবন নির্মাণের জন্য সাড়ে ৫ কোটি ৯০ লাখ ৬৬ হাজার দরপত্র আহ্বান করে গণপূর্ত বিভাগ। সোমবার ছিল দরপত্র বিক্রির শেষ দিন। মঙ্গলবার দরপত্র জমা দেয়ার নির্ধারিত দিনে সহযোগিদের নিয়ে দরপত্র জমা দিতে যান ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। আগে থেকেই সেখানে সহযোগিদের নিয়ে অবস্থান নেন সরকারি বিএম কলেজ ছাত্র কর্ম পরিষদের সহ-সভাপতি মঈন তুষার। দরপত্র জমা দেয়া নিয়ে রাজ্জাক ও মঈন তুষারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। ভাঙচুর করা হয় তত্ত্বাবধায়কের কার্যালয়। পরে পুলিশ ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন জাগো নিউজকে জানান, মেরিন একাডেমির ১ হাজার ২৫০ বর্গ ফুট ইমারত নির্মাণের ঠিকাদারী কাজের দরপত্র জমা দিতে আসে কয়েকজন ঠিকাদার। এসময় আরো কয়েকজন তার কক্ষে প্রবেশ করলে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষকারীরা তার কক্ষেও ভাঙচুর চালান। এ ঘটনায় মামলা করবেন বলেও জানান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

তবে হামলায় নেতৃত্বদানকরী বিএম কলেজের অস্থায়ী কর্ম পরিষদের ভিপি মঈন তুষার এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আ. রাজ্জাকের মোবাইল ফোন বন্ধ করে রাখায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, দরপত্র জমা দেয়া নিয়ে ছাত্রলীগের দু`পক্ষের মধ্যে একটু ঝামেলা হয়েছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সাইফ আমীন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।