রাসিক মেয়র হিসেবে আযীমের দ্বায়িত্বভার গ্রহণ
রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দ্বায়িত্বভার গ্রহণ করলেন ২১ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নিজাম-উল-আযীম। মঙ্গলবার সকালে তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর নিকট থেকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন।
এসময় রাসিক মেয়রের কার্যালয়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, সচিব সৈয়দা জেবিন নেছা সুলতানা, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, রসিকের নির্বাচিত কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা।
এদিকে, দায়িত্বভার গ্রহণ করেই নিজ চেয়ারে বসে অফিস করেন মেয়র নিজাম। তিনি রাসিকের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দিচ্ছেন। এর আগে সোমবার সন্ধ্যায় নিজাম-উল-আযীমকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি চিঠি রাসিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
এদিকে, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের বরখাস্তের আদেশ এক মাসের জন্য স্থগিত করেছেন সুপ্রীম কোর্ট। গত ২৮ মে সুপ্রীম কোর্টের বিচারপতি মির্জা হোসেন হায়দার ও একেএম জহিরুল হক গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। ওই আদেশের উকিল সার্টিফিকেট সোমবার রাতে রাজশাহী সিটি কর্পোরেশনে পৌঁছেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী।
এসময় তিনি বলেন, ‘মেয়র বুলবুলকে সাময়িক বরখাস্তের আদেশটি স্থগিত করা হয়েছে মর্মে সুপ্রীম কোর্টের আইনজীবী আমিরুল করিম হেলাল স্বাক্ষরিত একটি ফ্যাক্স তার কাছে এসেছে। তবে সেটি উকিলের সার্টিফিকেট কপি। ফলে এই কপিটি দাফতরিকভাবে গ্রহণযোগ্য নয়। তাই যতদিন না কোর্ট সার্টিফিকেট আসবে, ততদিন এই আদেশ কার্যকর হবে না।’
এর আগে গত ৭ মে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। নাশকতার মামলা থেকে গ্রেফতার এড়াতে পলাতক রয়েছেন নির্বাচিত মেয়র বুলবুল।
এদিকে, গত ৭ মে বুলবুলকে বরখাস্ত করার পরে প্যানেল মেয়র-৩ নূরুন্নাহার বেগম মেয়রের দায়িত্ব নেয়ার আগ্রহ প্রকাশ করলে তাকেও বিস্ফোরক মামলার আসামি করা হয়। এছাড়া নাশকতার মামলায় রাসিকের প্যানেল মেয়র-১ আনোয়ারুল আমিন আজব কারাগারে এবং প্যানেল মেয়র-২ নুরুজ্জামান টিটো পলাতক রয়েছেন।
শাহরিয়ার অনতু/এসএস/এমএস