চকরিয়ায় বন্দুকযুদ্ধে যুবক নিহত : আহত ৪
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে আলী আজগর (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পুলিশের ৩ সদস্যসহ ৪ জন। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি ফাইভগানসহ গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং নিহত যুবক ডাকাত বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলী আজগর চকরিয়া উপজেলার ডুমখালী এলাকার মৃত নুরুল আমিনের ছেলে।
অপর আহত মোহাম্মদ শেফা (২৮) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি একই এলাকার মৃত আহমদ শফির ছেলে। আহত পুলিশের এসআই আলমগীর, কনেস্টবল সিজল পালিত ও নুরুল ইসলামকে চকরিয়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জাগো নিউজকে জানান, চিহ্নিত যুবক ডাকাত ইনু বাহিনীর সদস্য। এ দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি করেন ডাকাতরা। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ঘণ্টাব্যাপী বন্দুক যুদ্ধের পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ২ ডাকাতকে আটক করা হয়। আহতদের চকরিয়া হাসপাতালে আনা হলে ইনু বাহিনীর সেকেন্ড ইন কমান্ডান আলী আজগরকে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি ফাইভ গান, ১৩ রাউন্ড গুলি, ২২ রাউন্ড খালি খোসা, ২টি কিরিস উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এমজেড/এমএস