সিদ্ধিরগঞ্জে বিদেশি মদসহ মাইক্রোবাস আটক
ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ একটি মাইক্রোবাস আটক করেছে জেলা ট্রাফিক পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে এ মাইক্রোবাসটি আটক করা হয়।
জেলা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইনস্পেক্টর (টিআই) প্রশাসন মোল্ল্যা তাসলিম হোসেন জানান, সকালে শিমরাইল মোড়ে সরকারি কাজে ব্যবহারের জন্য মাইক্রোবাস রিকুইজেশন করতে সিগন্যাল দেন কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. জাহিদুর রহমান, এটিএসআই শাহজাহান ও কনস্টেবল মাহবুব হোসেন ভূইয়া। এসময় পুলিশের সিগন্যাল অমান্য করে দ্রুত মাইক্রোবাসের চালক ডেমরামুখি হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
মাইক্রোবাস চালকের গতিবিধি রহস্যজনক মনে হওয়ায় সার্জেন্ট মো. জাহিদুর রহমান ও এটিএসআই শাহজাহান দ্রুত মোটরসাইকেল নিয়ে মাইক্রোবাসটির পিছু নেয়। এসময় মাইক্রোবাস চালক ডেমরা সড়কের টেম্পু স্ট্যান্ড এলাকায় মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ-৫১-৩৬২৪) ফেলে পালিয়ে যায়। পরে ট্টাফিক পুলিশ মাইক্রোবাসটিতে তল্লাশি চালিয়ে ২৭টি কার্টুনে ৪টি ব্রান্ডের ৩২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এ ঘটনায় সিদ্দিরগঞ্জ থানায় মামলা পক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হোসেন চিশতী সিপলু/এফএ/জেআইএম