কক্সবাজারে মানবপাচারের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার
মানবপাচারে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারে একরামুল হক (৩৭) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে চৌফলদন্ডী দক্ষিণপাড়াস্থ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপকূলীয় চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও দক্ষিণপাড়ার নুরুল হকের ছেলে।
কক্সবাজার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জাগো নিউজকে জানান, ককক্সবাজারে পুলিশ হেডকোয়ার্টারের পাঠানো মানবপাচারকারীর তালিকার ১৮৩ আসামরি মধ্যে ইউপি সদস্য একরামের নামও ছিলো। গত ২০ মে কক্সবাজার মডেল থানায় মানবপাচারের অভিযোগে দায়ের করা ৮২ নম্বর মামলাসহ তদন্তাধীন আরো ৩টি মামলায় অভিযুক্ত তিনি। এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে তিনি আরো জানান, তার ওয়ার্ডটির অবস্থান মহেশখালী চ্যানেলের কিনারা ঘেঁষে। তাই কোন বাণিজ্যিক কিংবা অন্য কোন বোট তীর থেকে ছেড়ে যাওয়ার ব্যাপারের তিনি ওয়াকিবহাল থাকেন। ঘাটের নিয়ন্ত্রণটা তিনিই নিয়ন্ত্রণ করেন।
সায়ীদ আলমগীর/এসএস/এমএস