কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সেক্রেটারি গ্রেফতার
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী শিবির সংলগ্ন আনরেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পের সেক্রেটারি ও মানবপাচারে অভিযুক্ত রোহিঙ্গা রাকিবুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে ক্যাম্প এলাকা থেকে গ্রেফতার করা হয়। রাকিব মিয়ানমারের মংডু থানার কাওয়ারবিল এলাকার মৃত নাজিমুল হকের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, রাকিবের বিরুদ্ধে মাদক ও মানবপাচার, রোহিঙ্গা বস্তিতে অবস্থানকারী অর্ধলক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীকে জিম্মি করে চাঁদা আদায়সহ নানা স্পর্শকাতর অভিযোগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ দীর্ঘদিনের। এর সূত্র ধরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
তিনি আরো জানান, রাকিব দীর্ঘ প্রায় চার বছর পূর্বে বাংলাদেশে অনুপ্রবেশ করে কুতুপালং রোহিঙ্গা বস্তিতে আশ্রয় নেন। তথ্য রয়েছে, বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার সোর্স হিসেবে নিজেকে পরিচয় দিয়ে সাধারণ শরণার্থী ও রোহিঙ্গা সংশ্লিষ্ট দেশি-বিদেশি উগ্রপন্থি জঙ্গি গোষ্ঠির সঙ্গে গোপনে কাজ করতেন রাকিব। দেশের অনেক সংবাদকর্মীকে তথ্য সরবরাহ করে তাদের সোর্স হিসেবেও নিজেকে পরিচিত করার পর মাদক ব্যবসা, সমুদ্র পথে মানবপাচার, রোহিঙ্গা নারীদের নির্যাতন, ও শালিসি বিচারের নামে চাঁদাবাজি করতেন রাকিব।
ওসি আরো জানান, প্রচলিত আইন অনুসারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
সায়ীদ আলমগীর/বিএ