উন্নয়নের দায়িত্ব আমার : শামীম ওসমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৭ আগস্ট ২০১৭

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমি এলাকার মুরব্বি ও ভালো মানুষ নিয়ে রাজনীতি করতে চাই। উন্নয়নের দায়িত্ব আমার আর এলাকার শান্তির জন্য আপনারা কাজ করবেন এটাই সবার কাছে আমার অনুরোধ থাকবে।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাতাদাতবার্ষিকী উপলক্ষে ফতুল্লার বিভিন্ন ইউনিয়নের প্রায় ২০টি স্পটে দোয়া ও কাঙ্গালিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, গত ১৫ আগস্ট ঢাকায় বোমা মারা হয়েছিল। এই বোমা মারার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। তারা ইসলামের নামে বাংলাদেশে বোমা মারছে। কোথা থেকে এসব বোমা আসলো সেটা আমাদের ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। ইসলামের কোথাও লেখা নেই বোমা মার। এত সুন্দর শান্তির ধর্মে কারা বোমা আনল। এটা ইহুদিদের সৃষ্টি। বিএনপি-জামায়াত দেশকে আফগানিস্তান বানাতে চায়। তারাই দেশকে ধ্বংস করতে শেখ হাসিনাকে হত্যা করতে চাইছে।

তিনি আরও বলেন, ভালো মানুষ নিয়ে আমি রাজনীতি করতে চাই। কোনো সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী আমার দলে থাকার দরকার নেই। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাস যে দলের হোক না কেন ছাড় দেয়া হবে না। ঈদের পর ফতুল্লার প্রতিটি এলাকায় আমি একা গিয়ে সবার সঙ্গে যোগাযোগ করব। নারী-পুরুষ সবার সঙ্গে কথা বলে খবর নেব কোন এলাকায় কে মাদক বিক্রি করে আর সন্ত্রাস করে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শামীম ওসমান বলেন, আমি মাদক ব্যবসায়ীর বিষয়ে পুলিশ প্রশাসনকে বলেছি- মাদক ব্যবসায়ী কোন দলের সেটা দেখার বিষয় নয়, ফেলে দিতে হবে (ক্রয়সফায়ার)। পাগলা এলাকায় পুলিশ কয়েকজনকে ফেলে দিয়েছে। তাদের কথা চিন্তা করে এখন থেকে মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসা বন্ধ করবে এটাই প্রত্যাশা করছি।

শামীম ওমমানের গাড়ি বহরসহ বিভিন্ন স্পটে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন আহম্মেদ, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফর রহমান স্বপন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মানিক চান, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হাওলাদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, থানা ছাত্রলীগের সভাপতি আবু মো. শরীফুল হক, সাধারণ সম্পাদক এমএ মান্নান, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।