বান্ধবীকে দিয়ে ডেকে এনে ৩ জনকে কুপিয়েছে সন্ত্রাসীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৮ এএম, ১৯ আগস্ট ২০১৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জের ধরে বান্ধবীকে দিয়ে ডেকে এনে বন্ধুসহ তিনজনকে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসী মিরু বাহিনী। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার পাগলা রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

আহতরা হলেন- সাদ্দাম (২৫), তার বন্ধু পারভেজ (৩০) ও সোহেল(২৪)। আহতদের মধ্যে সাদ্দামকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পারভীন নামে এক মেয়ে ফতুল্লা থেকে পাগলার দিকে যাওয়ার সময় রেলস্টেশনের কাছে কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কথিত সাধারণ সম্পাদক ও হত্যা মামলাসহ পুলিশের তালিকাভুক্ত আসামি মীর হোসেন মীরু বাহিনীর সদস্য ভিপি রাজিব ও তার সহযোগী রাকিব, ফারদিনসহ ১০-১৫ জন সন্ত্রাসী তার পথরোধ করে।

পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী ভিপি রাজিব পারভীনকে দিয়ে ফোন করিয়ে তার বন্ধু সাদ্দামকে ডেকে আনে। এতে সাদ্দামসহ পারভেজ ও সোহেল পাগলা রেলস্টেশন এলাকায় আসলে তাদের ওপর ভিপি রাজিব ও তার লোকজন হামালা চালায়।

এ সময় তাদের তিনজনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে মীর হোসেন মীরু বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে সাদ্দামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি দুইজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই আতাউর রহমান জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসী ভিপি রাজিবসহ অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান এসআই।

শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।