স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ ২ জনের যাবজ্জীবন


প্রকাশিত: ১১:১১ এএম, ০৪ জুন ২০১৫

গাজীপুরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীসহ ২ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত। বৃহস্পতিবার দুপুরে ওই আদালতের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ রায় প্রদান করেন।

দণ্ড প্রাপ্তরা হলেন, নিহতের স্বামী ময়মনসিংহের ভালুকা উপজেলার নয়নপুর এলাকার মৃত কিতাব আলীর ছেলে মো. নজরুল ইসলাম ও তার সহযোগী গাজীপুরের কাপাসিয়া উপজেলার পূর্ব লোহাদী এলাকার মৃত আছর আলীর ছেলে শহীদুল্লাহ ওরফে শহীদ।

আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরের কাপাসিয়া উপজেলার চেংনা এলাকার আব্দুস সাত্তারের মেয়ে হামিদা আক্তারকে তার চাচাতো ভগ্নিপতি নজরুল ইসলাম পালিয়ে নিয়ে বিয়ে করেন। ২০০০ সালের ২০ আগস্ট হামিদাকে নিয়ে কাপাসিয়া উপজেলার বারষাব ইউনিয়নের ডাওরা হাদিকুলের বাড়িতে নিয়ে যান। এক পর্যায়ে ওই দিন সন্ধ্যায় নজরুল ইসলাম ও তার সহযোগী শহীদুল্লাহ ওরফে শহীদ নজরুলের স্ত্রী হামিদাকে বাড়ির পাশে আখক্ষেতে নিয়ে যান। সেখানে নিয়ে হামিদার মুখ ও হাত বেঁধে তার শরীরে কেরোসিন ঢেলে দেন নজরুলের সহযোগী শহীদুল্লাহ।

এসময় স্বামী নজরুল তার স্ত্রী হামিদার শরীরে দিয়াশলাইয়ের কাঠে দিয়ে আগুন ধরিয়ে দেন। বিষয়টি টের পেয়ে হাদিকুলের স্ত্রী পারভীনা বেগম চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন এসে হামিদাকে উদ্ধার করে কাপাসিয়া হাসপাতালে নিয়ে যান।  চিকিৎসাধীন অবস্থায় পরদিন হামিদা হাসপাতালে মারা যান। নিহত হামিদা ও নজরুলের এটি ছিল দ্বিতীয় বিয়ে।

পর দিন ২২ আগস্ট নিহতের চাচা আব্দুর রহিম বাদী হয়ে ৫ জনকে আসামি করে কাপাসিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হত্যা মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন কিতাব আলীর ছেলে হাদিকুল, হাদিকুলের স্ত্রী পারভীনা আক্তার ও আছর উদ্দিনের ছেলে রুকন ওরফে লুকু। আদালত এই তিন আসামিকে বেকসুর খালাস প্রদান করেছেন। এর আগে ওই বছরের ১৮ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) তপন চন্দ্র সাহা ৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন।

মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার ওই রায় প্রদান করেন।  
রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মো. ফজলুল কাদের ও মো. শাহজাহান। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট অহিদুজ্জামান।  
                    
মো. আমিনুল ইসলাম/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।