কক্সবাজারে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা
কক্সবাজার সদরের ভারুয়াখালীতে প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মোস্তাক আহমদ (৪২) পূর্ব ঘোনাপাড়ার নুর আহমদের ছেলে। শুক্রবার সকাল ১০টার দিকে ইউনিয়নের আনুমিয়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাঁচ দিন আগে নিহত মোস্তাক আহমদের ভাই আবদুল গফুরের বসতবাড়ি থেকে একটি টেলিভিশন চুরি হয়। আর এ চুরির ঘটনায় স্থানীয় ঘোনাপাড়ার মমতাজ আহমদের ছেলে ছরোয়ার কামালকে সন্দেহ করা হয়। বিষয়টি সমাজ সর্দারকে জানালে ক্ষিপ্ত হয়ে ছরোয়ার আবদুল গফুরের ভাই মোস্তাক আহমদকে ধারালো দা দিয়ে কোপাতে থাকে। সেখান থেকে ক্ষতবিক্ষত অবস্থায় কোনো রকমে পালিয়ে বাঁচার চেষ্টা করলে ছরোয়ার পিছনে মোস্তাককে গুলি করে। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ মাহমুদ ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, ছরোয়ার অর্ধ-ডজন মামলার আসামি। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডটি ঘটেছে। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রাখা হয়েছে।
সায়ীদ আলমগীর/এআরএ/পিআর