কক্সবাজারে নারীসহ ৪ মানবপাচারকারী গ্রেফতার


প্রকাশিত: ১২:১৪ পিএম, ০৫ জুন ২০১৫

কক্সবাজারের বিাভন্ন উপজেলা থেকে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার সকালে মহেশখালী উপজেলার কুতুবজোম থেকে হুসনে আরা বেগম রেশমী (৪৫) নামে নারীকে গ্রেফতার করে মহেশখালী থানার পুলিশ। গ্রেফতার হোসনে আরা বেগম রেশমি মহেশখালীর কুতুবজুম ইউনিয়নের খোন্দকার পাড়া গ্রামের আলী আকবরের স্ত্রী।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেশমি ম্যাডামকে আটক করা হয়। রেশমির বিরুদ্ধে মালয়েশিয়ায় মানবপাচারের অভিযোগে ২টি মামলা রয়েছে।

এছাড়া উখিয়া থানা পুলিশ জালিয়াপালং ইউনিয়নের মাদারবনিয়া এলাকায় সকালে অভিযান চালিয়ে মানবপাচারকারী আবদুল জলিল (৩০) কে গ্রেফতার করেছে। তিনি ওই এলাকার শফিকুর রহমানের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান জানান, গ্রেফতার আবদুল জলিলকে জেল হাজতে পাঠানো হয়েছে।

অপরদিকে রামুর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মৃত ফজল আহম্মদের ছেলে মানবপাচারকারী মোহাম্মদ মোস্তফা (২৭) ও মোহাম্মদ ইছহাকের ছেলে মোহাম্মদ আলম (৩০) কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন জানান, রামুতে গ্রেফতার দুই মানবপাচারকারী মিয়ানমারের নাগরিক। তারা উখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।