জাপার দুই পক্ষে সহিংসতার আশংকা
দীর্ঘ ১০ বছর পর সোমবার সম্মেলন করতে যাচ্ছে বরিশাল মহানগর জাতীয় পার্টি। ওই দিন একই সময়ে একই স্থানে তৃণমূল জাতীয় পার্টির কর্মী সম্মেলন আয়োজন করেছে দলটির আরেকটি পক্ষ।
দু’পক্ষেরই দাবি তাদের কর্মসূচিতে দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ প্রধান অতিথি থাকবেন।
একই দিন ও সময়ে এবং একই স্থানে জাতীয় পার্টির দুই গ্রুপের সম্মেলন আয়োজন করায় সেখানে সহিংসতার আশংকা করছে জাতীয় পার্টির দু’পক্ষের কর্মী সমর্থকরা।
শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অধ্যক্ষ মহসিন-উল ইসলাম হাবুল জানান, সোমবার সকাল ১০টায় অশ্বিনী কুমার হল প্রাঙ্গণে তৃণমূল জাপার কর্মী সম্মেলন যেকোনো মূল্যে সফল করা হবে। কেউ বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাদের শক্তভাবে প্রতিরোধ করা হবে। এরশাদ কর্মী সম্মেলনে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি।
অন্যদিকে একই স্থানে একই সময়ে মহানগর জাপার দ্বি-বার্ষিক সম্মেলন এবং ওই সম্মেলনে এরশাদ প্রধান অতিথি থাকা প্রসঙ্গে অধ্যক্ষ হাবুল এক সংবাদ সম্মেলনে বলেন, জাপার ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে গুটিকয়েক লোকের সম্মেলনে এরশাদ অংশগ্রহণ করবেন না। বরিশাল জেলা ও মহানগর জাপার সকল স্তরের নেতাকর্মীরা তৃণমুল কর্মী সমাবেশে অংশগ্রহণ করবেন। এরশাদ পার্টির মুল শক্তির সঙ্গে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মহানগর জাপার সাবেক সভাপতি মীর জসিম উদ্দিনসহ জাপার ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সব শেষ বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির সম্মেলন হয়েছিল ২০০৫ সালে। ওই কমিটি ভেঙ্গে গত বছরের ৫ জানুয়ারি জেলা ও মহানগরে জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটি। সম্মেলন প্রস্তুতি কমিটিতে জেলা ও মহানগরে গত ১০ বছর ধরে নেতৃত্বে থাকা কোনো নেতাকে রাখা হয়নি।
এসএ/এলএ