যেকোনো মূল্যে সড়ক-মহাসড়ক সচল রাখা হবে : সেতুমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ২৪ আগস্ট ২০১৭
ফাইল ছবি

ঈদে ঘরমুখো মানুষের সড়ক পথে যানজট নিয়ে আতঙ্কে না থাকার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বৃষ্টি বাদল ঝড় যাই হোক- যেকোনো মূল্যে সড়ক-মহাসড়ক সচল রাখা হবে।

তিনি বলেন, এই মুহূর্তে আমাদের কাছে বিটুমিনের সড়ক নয়। রাস্তা সচল রাখাই বড় দায়িত্ব। এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা মোটামুটি স্বস্তিদায়ক হবে।

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

মেঘনা টোল প্লাজার সামনে যানজট সম্পর্কে সেতুমন্ত্রী বলেন, মেঘনা গোমতি সেতুতে টোল আদায়ের সিস্টেমের ত্রুটি রয়েছে। সেটা সারিয়ে তোলার চেষ্টা চলছে। আজ (বৃহস্পতিবার) থেকে এখানে চার লেনে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন হালকা যানবাহন চলবে। বাকি চার লেনে পণ্যবাহী ট্রাক-লরি-কাভার্ডভ্যান চলবে।

তিনি বলেন, রমজানের ঈদে কোনো সমস্যা হয় নাই। এখানে ঝামেলা আছে। মধ্য রাতের কারসাজি, অনেক সময় রাস্তার ওপর গাড়ি থামিয়ে টাকা পয়সা আদায়ের জন্য একটা ঝামেলা পাকানো হয়। এগুলো বন্ধ করতে হবে।

মন্ত্রী আরও বলেন, হাইওয়ে পুলিশ ও সিএনএস কোম্পানির কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে যাতে নির্দেশনা মেনে চলে। নইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

দেশের সকল মহাসড়ক ভালো আছে বলে দাবি করে সেতুমন্ত্রী বলেন, জেলা সড়কের অনেক জায়গায় সমস্যা আছে। বন্যা ও ভারি বর্ষণে দেশের কমপক্ষে ৩০টি স্থানে রাস্তায় ৫০০ থেকে ১ হাজার মিটার, আবার কোথাও কোথাও এক কিলোমিটারেরও বেশি পর্যন্ত রাস্তা ভাঙাচোরা আছে। এই মুহূর্তে দেশের বন্যার কারণে ৫০টির বেশি সড়ক পানির নিচে তলিয়ে আছে। এগুলো দ্রুত মেরামত করে রাস্তা সচল করে তোলার চেষ্টা চলছে।

এ সময় মন্ত্রীর সাথে হাইওয়ে পুলিশের এসপি সফিকুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের ঢাকা অঞ্চলের অতিরিক্ত প্রকৌশলী আব্দুস সবুর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।