বরিশালে ছাত্রলীগের হামলায় মেডিকেল অফিসার আহত
বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালিয়ে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বখতিয়ার আল-মামুনকে (৩০) মারপিট করা হয়েছে। এ সময় তার কক্ষে ব্যাপক ভাঙচুর চালানো হয়। আহত ডা. বখতিয়ার আল-মামুনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ হামলার নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগ কর্মী সাগর সেরনিয়াবাত।
প্রতক্ষদর্শীরা জানায়, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন মিশুক চালক মো. মানিককে দেখতে বিকেলে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যান ছাত্রলীগ কর্মী সাগর সেরনিয়াবাত, সোহাগ সরদার, মুরাদ, এবং শামীমসহ অন্যান্যরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. বখতিয়ার আল-মামুনকে আহত মানিকের পরীক্ষা-নীরিক্ষার কাগজপত্র দেখতে বলেন তারা। দেরি হওয়ার অজুহাতে তারা ডা. বখতিয়ার আল-মামুনকে বেদম মারপিট করে। এ সময় তারা অফিস কক্ষ ব্যাপক ভাঙচুর করে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম মিয়া জানান, এ ঘটনার পরপরই আহত চিকিৎসক ডা. বখতিয়ার আল-মামুনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলা-ভাঙচুরের পর বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এক রোগীর চিকিৎসা নিয়ে একদল যুবকের সঙ্গে কর্তব্যরত চিকিৎসকের কথা কাটাকাটি হয়েছে। এ সময় ওই যুবকরা চিকিৎসকের কক্ষ ভাঙচুর করেছে। এ ঘটনায় আহত ডা. বখতিয়ার আল-মামুনের দেওয়া লিখিত অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সাইফ আমীন/এআরএ/আরআইপি