ড. কামাল ও মান্না বেঈমান : ফজলে নূর তাপস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১১:২৭ এএম, ২৭ আগস্ট ২০১৭

ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দুবার স্বাধীনতা পেয়েছি। একবার ‘৭১ সালের মুক্তিযুদ্ধে আরেকবার ইন্দিরা গান্ধীর প্রথম সাক্ষাতে যে বলেছিলেন মিত্র বাহিনী সরিয়ে নেন তখন। বঙ্গবন্ধু বীরত্বের সঙ্গে মৃত্যুকে আলিঙ্গন করে পুরো বিশ্বে নজির সৃষ্টি করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে আগেও ষড়যন্ত্র হয়েছে এখনও হচ্ছে কিন্তু তাকে এতবার হত্যাচেষ্টার পরও তিনি বিচলিত হননি।

রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আইনজীবী সমিতির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে ফজলে নূর তাপস বলেন, ১৫ আগস্টের শোক দিবসে এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর হামলার পরিকল্পনা হয়েছিল। কিন্তু পুলিশ সদস্যদের তৎপরতায় ও দেশবাসীর দোয়ায় এবারও তিনি বেঁচে গেছেন। দেশের বিরুদ্ধে এখন নানা ষড়যন্ত্র হচ্ছে। সবদিক থেকে পরাজিত হয়ে এখন তারা বিচার বিভাগকে কলুষিত করার ষড়যন্ত্রে নেমেছে। জুডিশিয়াল এলআরপি নষ্ট করার পাঁয়তারা করছে একটি মহল, এটি করে তারা অন্য একটি অপশক্তিকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে, বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে।

ড. কামাল হোসেন ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রসঙ্গ টেনে ফজলে নূর তাপস বলেন, এ ষড়যন্ত্রকারীদের জনগণ ভালো করে চিনে ও জানে। ড. কামাল হোসেন ও মাহমুদুর রহমান মান্না আসলেই বেঈমান। বেঈমানির একটা সীমা থাকে। ড. কামাল আপনাকে সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু। তা না হলে আপনাকে কেউ চিনত না। আর মান্না আপনাকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করে সম্মান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি আপনাকে এটি না করত তাহলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তায় ঘুরতেন।

অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপুর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মুজাহিদ পলুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী লীগ আইনজীবী পরিষদের সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, যুগ্ম-আহ্বায়ক বাসেত মজুমদার, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল প্রমুখ।

শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।