কক্সবাজারে মানবপাচারের অভিযোগে গ্রেফতার ৭


প্রকাশিত: ০১:২৪ পিএম, ০৭ জুন ২০১৫

মানবপাচারের অভিযোগে কক্সবাজারে পৃথক অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ১২টা থেকে রোববার দুপুর পর্যন্ত জেলার উখিয়া ও টেকনাফ থেকে তাদের গ্রেফতার করা হয়।

টেকনাফ থেকে গ্রেফতারকৃতরা হলেন, সাবরাং এলাকার দরবেশ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২০), মৃত হোসেন মিয়ার ছেলে মো. আমিন (৩৫), মৃত ইসহাক মিয়ার ছেলে মো. হাসান (৩২) ও নুর আহমদের ছেলে ছৈয়দ আহমদ (২৬)।

টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জাগো নিউজকে বলেন, গ্রেফতারকৃতরা পুলিশের তালিকাভুক্ত মানবপাচারকারী।

অন্যদিকে, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে নজির আহমদের ছেলে ইউনুছ (৩০) ও জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া থেকে নুরুল ইসলাম প্রকাশ কালুর ছেলে সেলিম উদ্দিনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

উখিয়ার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান জানান, তাদের বিরুদ্ধে মানবপাচার আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়াও টেকনাফের শাহপরীরদ্বীপের কোনাপাড়া থেকে মৃত আবুল কাশেমের ছেলে ইউনুছ প্রকাশ মাইক ইউনুছকে (৩২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ বলেও জানান তিনি।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জানান, গ্রেফতার ইউনুছ ২০০৭ সালে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়াগামী ২০০ যাত্রীসহ ট্রলার ডুবির ঘটনায় দায়ের করা হত্যা মামলার ৪ নং আসামি।

সায়ীদ আলমগীর/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।