যশোরে গৃহবধূ খুন, স্বামী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১০:৩৫ এএম, ৩১ আগস্ট ২০১৭
ইনসার্টে স্ত্রী হত্যার সন্দেহে আটক স্বামী

যশোর সদরের হোগলাডাঙ্গায় জুলি নামে এক গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোর রাতে তিনি নিজ বাড়িতে খুন হয়েছেন বলে স্বজনরা দাবি করেন।

গৃহবধূ জুলি যশোর সদরের কচুয়া ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের মশিয়ার রহমানের মেয়ে এবং একই উপজেলার হোগলাডাঙ্গার হায়দার আলীর ছেলে গোলাম রসুলের স্ত্রী। এ খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গৃহবধূর স্বামী গোলাম রসুলকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসীর ভাষ্য মতে, জুলির স্বামী গোলাম রসুল পেশায় ট্রাকচালক। তিনি প্রায় প্রতিদিনই নেশা করে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে বিবাদে লিপ্ত হতেন। বুধবারও গোলাম রসুল নেশা করে বড়ি এসে স্ত্রী জুলির সঙ্গে ঝগড়া করেন।

একপর্যায়ে রাত ১২টার দিকে ৮ মাস বয়সী কন্যা সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন গৃহবধূ জুলি। ভোর রাতের দিকে গোলাম রসুল শরীরে আঘাত করে ও গলাটিপে হত্যা করে জুলিকে।

বিষয়টি গোপন করতে বাড়ির লোকদের বলে জুলি অসুস্থ। কথাও বলতে পারছে না। প্রতিবেশী এক নারী জানতে পেরে পাশের গ্রামের জুলির বাবার বাড়িতে খবর দেয়।

পরে জুলির পরিবার এলাকাবাসীকে নিয়ে হাজির হয় গোলাম রসুলের বাড়িতে। লোকজন এসে দেখতে পায় জুলি ঘরের বারান্দায় বিছানায় পড়ে রয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এতে এলাকাবাসীর সন্দেহ হয়। গোলাম রসুলকে ধরে রেখে পুলিশে খবর দেয়া হয়।

নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সোহরাব হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠায় পুলিশ। গোলাম রসুলের দাবি তার স্ত্রী আত্মহত্যা করেছে। আর গৃহবধূর পরিবারের লোকজনের দাবি, তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। মৃতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান এসআই সোহরাব।

মিলন রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।