এক ডালে প্রেমিক যুগলের আত্মহত্যা
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পরকীয়া প্রেমের জেরে প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জাঙ্গালীয়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা আম গাছের একই ডালে দুই ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মো. নাজমুল হক জাগো নিউজকে জানান, অনেক দিন ধরেই ওই গ্রামের প্রবাসী জসিম প্রধানের স্ত্রী লায়লা আক্তারের (৩০) সাথে একই গ্রামের মোনতাজ উদ্দিনের রিকশাচালক ছেলে আলমগীরের (২৪) পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমের টানে তারা সম্প্রতি ঘরও ছাড়েন। এ ঘটনায় জসিম প্রধানের পরিবারের লোকজন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরির সূত্রে দুই পরিবারের সাথে কথা বলেন থানা পুলিশ। পরে দুই পরিবারের পক্ষ থেকে লায়লা ও আলমগীরকে বিষয়টি নিয়ে চাপ দেয়া হয়। ধারণা করা হচ্ছে, এই ঘটনার জেরেই মঙ্গলবার ১১টায় আম গাছের একই ডালে দুটি ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন লায়লা ও আলমগীর। খবর পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
লায়লা একই উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মনগাঁও গ্রামের আব্দুল লতিফে মেয়ে। জসিম ও লায়লার ৫ম শ্রেণিতে অধ্যয়নরত ১১ বছরের ও ৪র্থ শ্রেণিতে অধ্যয়নরত ৯ বছরের দুটি পুত্র সন্তান রয়েছে।
কালীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যর মামলা হয়েছে।
আব্দুর রহমান আরমান/এমএএস/আরআই/এসআরজে