কলেজছাত্রী নাসরিন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১১:৫৮ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৭

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্রী নাসরিন আক্তারকে (২১) যৌতুকের কারণে হত্যার প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার দুপুরে লাহিড়ী ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক ও প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেয়।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, লাহিড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা পরিষদের সদস্য সুরাইয়া জেসমিন বিউটি, সহকারী অধ্যাপক ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য দেলওয়ার হোসেন সিদ্দিকী, প্রভাষক হুমায়ুন কবির ও লাহিড়ী আঞ্চলিক শাখা ছাত্রলীগের সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।

এ সময় হতাশা ব্যক্ত করে বক্তারা বলেন, হত্যাকাণ্ড ও থানায় মামলার ৬ দিন অতিবাহিত হলেও বালিয়াডাঙ্গী থানা পুলিশ এ পর্যন্ত কোনো আসামি ধরতে পারেনি। পুলিশ আসামিদের ব্যর্থ হওয়ায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার লোকজনের মাঝে হতাশা দেখা দিয়েছে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নাসরিনের হত্যা কারীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং পরবর্তিতে আরও কঠোর আন্দোলনে যাওয়া হবে।

বালিয়াডাঙ্গীর চাড়োল গ্রামের নাজিম উদ্দীনের মেয়ে ও একই উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বোয়ালধার গ্রামের রেজাউল করিমের স্ত্রী নাসরিনের মরদেহ গত সোমবার একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সোমবার রাতে নাসরিনের বাবা নাজিম উদ্দিন বাদী হয়ে নাসরিনের স্বামী রেজাউল করিম, শ্বশুর নুর ইসলাম, শাশুড়ি আনোয়ারা বেগমসহ ১১ ব্যক্তির নাম উল্লেখ করে বালিয়াডাঙ্গি থানায় একটি হত্যা মামলা করেন।

ইতোপূর্বে গত বৃস্পতিবার বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে নাসরিনের বাবার চাড়োল গ্রামের অধিবাসীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. মান্নান বরাবরে স্মারকলিপি প্রদান করে।

মো. রবিউল এহসান রিপন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।