লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৫ এএম, ১১ মার্চ ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ/ফাইল ছবি

 

রাজধানীর লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। পুলিশের ধারণা, তাকে হত্যা করে এখানে ফেলে যাওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠায় পুলিশ। এর আগে এটি লালবাগের ডুরি আঙ্গুল লেন এলাকা থেকে উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধের নাম মো. মাইনুদ্দিন (৭০)। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অপু মিত্র বলেন, ‘সন্ধ্যার দিকে আমরা খবর পেয়ে রাজা মিয়ার নির্মাণাধীন ভবনের পাশ থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।’

এসআই অপু আরও বলেন, ‘আশপাশের লোকজনের মুখে জানতে পারি, মাইনুদ্দিন নির্মাণাধীন ভবনের পাশের একটি বাড়ির মালিক ও অবিবাহিত ছিলেন। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং রক্তের দাগ রয়েছে। আমাদের ধারণা, কে বা কারা তাকে হত্যা করে ওইখানে রেখে গেছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

কেএজেডআইএ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।