গাজীপুরে জামায়াত-শিবিরের ৩৫ নেতাকর্মী আটক


প্রকাশিত: ০৭:৫৩ এএম, ১২ জুন ২০১৫

নাশকতা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গাজীপুরের একটি চাইনিজ রেস্টুরেন্ট থেকে ২০টি পেট্রলবোমাসহ জমায়াত-শিবিরের ৩৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ের সামনে এক প্রেসব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য জানান।

আটকদের মধ্যে গাজীপুর মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক মো. খায়রুল হাসান ও ২৬ নং ওয়ার্ডের সভাপতি মো. সাদেকুজ্জামান রয়েছেন।

প্রেসব্রিফিং এ পুলিশ সুপার জানান, যুদ্ধাপরাধের অভিযোগ কারাগারে আটক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের ১৬ জুনের রায়কে কেন্দ্র করে জেলা শহরের শিববাড়ি মোড়ে ইউরো বাংলা রেস্টুরেন্টে ১৯টি জেলার প্রায় অর্ধশতাধিক জামায়াত-শিবিরের নেতাকর্মী গোপন বৈঠক করছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই রেস্টুরেন্ট থেকে ৩৫ জনকে আটক করা হয়। পরে ওই রাতেই তাদের জিজ্ঞাসাবাদে জেলা শহরের ইসলামী ট্রাস্ট ভবনে অবস্থিত আদর্শ বই বিক্রয় কেন্দ্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নাশকতা ও উস্কানীমূলক বই, লিফলেট, পত্রিকা এবং আরো ৫টি পেট্রলবোমা উদ্ধার করা হয়।

প্রেসব্রিফিং এ গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলায়মান, ওসি ডিবি আমির হোসেন, জয়দেবপুর থানার ওসি (তদন্ত) মাহফুজুর রহমান মিয়াসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের অপরাধ স্বীকার করেছে। তারা আগামী ১৬ জুন জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের রায়কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির জন্য বিভিন্ন জেলা থেকে গাজীপুরে এসে জড়ো হয়েছিল। আটকদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আকটদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে বিগত হরতাল-অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুর, গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

মো. আমিনুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।