মুসলিম উম্মাহকে মিয়ানমারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন আইয়ামে জাহেলিয়াতের যুগকেও হার মানিয়েছে। মিয়ানমারের এই বর্বরতা রাষ্ট্রীয় সন্ত্রাস। এই বর্বর নির্যাতনকারী মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিশ্বের মুসলিম উম্মাহকে রুখে দাঁড়াতে হবে।
সোমবার বিকেলে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে জাতীয় পার্টির ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। ক্যাম্পে তিন হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে জাপা।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, নানা স্বল্পতার মাঝেও বাংলাদেশ সাহসিকতার সঙ্গে মানবতা দেখিয়েছে। যথা সম্ভব সহযোগিতা দেয়া হচ্ছে রোহিঙ্গাদের। সব পেশার মানুষ মানবতার টানে বিপন্ন রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। এটি অব্যাহত থাকলে দেশের সাহসী সিদ্ধান্তের সফলতা শিগগিরই আসবে।
ত্রাণ বিতরণকালে তার সঙ্গে সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, হুইপ শওকত চৌধুরী, হুইপ নুরুল ইসলাম উমর, সংসদ সদস্য আলহাজ মো. ইলিয়াছ, ফখরুল ইমাম এমপি, জিয়াউল হক মৃধা, অধ্যাপক নুরুল ইসলাম মিলন, ইয়াহিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ এমপি, মেহজামিন মোরশেদ এমপি, খোরশেদ আরা হক এমপি, সালাহ উদ্দিন মুক্তি, কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, মোশারফ হোসেন দুলাল ও নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার দুপুরে বিমানযোগে কক্সবাজার এসে পৌঁছান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ। জেলা জাপার নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানিয়ে গাড়িযোগে কুতুপালংয়ের উদ্দেশ্যে রওনা হন। ত্রাণ বিরতণের পর ক্যাম্পের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি।
সায়ীদ আলমগীর/আরএআর/আরআইপি