সিলেটের আদালতে ৩ জঙ্গি নেতাকে হাজির
হরকাতুল জিহাদ (হুজি) জঙ্গি নেতা মাওলানা দিলোয়ার হোসেন রিপন ও জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নেতা মাওলানা আব্দুল আজিজ ওরফে হানিফ এবং মঈদুল ইসলাম ওরফে হৃদয়কে চারটি মামলায় আদালতে হাজির করা হয়েছে। সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ ইফতেখার বিন আজিজের আদালতে তাদের হাজির করা হয়।
এ মামলায় আদালতে সাক্ষী প্রদান করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ এবং আওয়ামী লীগ নেতা ও সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত পরবর্তী দিন ধার্য্য করে আগামী ১৭ জুন।
আদালত সূত্রে জানা যায়, সিলেট গুলশান হোটেলে ২০০৫ সালের ৭ আগস্ট গ্রেনেড হামলা, একই বছরের ২ ডিসেম্বর নগরের টিলাগড়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ওপর গ্রেনেড হামলা, ১৭ আগস্ট সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে সিরিজ বোমা হামলা, ২০০৬ সালে সূর্যদীঘল বাড়ি থেকে জেএমবি`র আধ্যাতিক নেতা শায়খ আবদুর রহমান আটক ও বিস্ফোরক এবং হত্যার চেষ্টা মামলার দিন ধার্য্য করা হয়েছিলো সোমবার।
তাই হুজি ও জেএমবি`র তিন নেতাকে আদালতে হাজির করা হয়। আদালতের সাক্ষ্যগ্রহণ শেষে বেলা ২টার দিকে তাদের সিলেট কারাগারে পাঠানো হয়।
ছামির মাহমুদ/এআরএ/আরআই