হাসনাত আবদুল্লাহ

নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাওয়া আ’লীগের রাজনীতির অধিকার নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১৮ মে ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, যে দলের প্রধানরা দেশের লাখ লাখ নেতাকর্মীকে ফেলে পালিয়ে যায়, তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, তবে আওয়ামী লীগের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ। এ দেশে আর কখনো আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না।

সোমবার (১৮ মে) কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বেগমপাড়ায় আমাদের কোনো বাড়ি নেই, নেই কোনো গাড়ি। অথচ আমাদের মুরব্বিদের অনেকেরই সেখানে বাড়ি-গাড়ি রয়েছে। তাদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে, চিকিৎসা নিতে বিদেশে যায়। সাধারণ মানুষ দেশে চিকিৎসা নিলেও কিছু অসাধারণ মানুষ বিদেশে গিয়ে চিকিৎসা নেয়। এই বৈষম্যমূলক ব্যবস্থা থেকে বের হয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, বেকারমুক্ত বাংলাদেশ গড়তে হবে। দেশের যুবসমাজকে কাজে লাগাতে হবে। সরকারি প্রতিটি সেক্টরে মেধাবীদের সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রাইভেট সেক্টরে কর্মসংস্থানের ব্যবস্থা এবং এসএমই খাতকে আরও গতিশীল করতে হবে। আগামী বাজেটে এসব দাবি অন্তর্ভুক্ত করতে হবে। দেশের শিক্ষাব্যবস্থাকেও আধুনিকায়ন করতে হবে।

বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আমরা এখন বিরোধীদলে আছি। অতি উৎসাহী কিছু পুলিশ পদোন্নতির আশায় নেতাকর্মীদের মারধর ও হয়রানি করছে। তবে এটি শুধু পুলিশের দোষ নয়। পুলিশ প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখার কারণে গ্রেফতার হতে হয়েছে, বর্তমান সময়েও একই পরিস্থিতি বিদ্যমান। আমরা এমন বাংলাদেশ চাই না।

চৌদ্দগ্রামকে সীমান্তবর্তী এলাকা উল্লেখ করে হাসনাত বলেন, যারা মাদক কারবার করে তারা দেশ ও জাতির শত্রু। তারা যুবসমাজকে ধ্বংস করছে। পুলিশ ও মাদক ব্যবসায়ী একসঙ্গে চলতে পারে না। মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।

এসময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাভীদ নওরোজ শাহ, জাতীয় যুব শক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রায়হান, জেলা যুগ্ম সমন্বয়কারী ইব্রাহিম খালেদ, চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মামুন মজুমদার, জাতীয় যুব শক্তির চৌদ্দগ্রাম উপজেলা সমন্বয়ক জাহিদুল তালুকদার, এনসিপি নেতা মাসুমুল কাউছার, মো. হানিফ পাটোয়ারী ও আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জাহিদ পাটোয়ারী/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।