মুলাদিতে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
বরিশালের মুলাদি উপজেলা সদরের তেরোচর বেইলীব্রিজ খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মুলাদি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, খালে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ৩ থেকে ৪ দিন আগে অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহে পচন ধরায় চেহারা ভালো করে চেনা যাচ্ছেনা।
তিনি আরো বলেন, পরনে কেবল জিন্সের প্যান্ট রয়েছে। তবে মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। কয়েক দিন আগে ভোলার মনপুরায় ট্রলারডুবিতে তার মৃত্যু হতে পারে। আর এ জন্য বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
সাইফ আমীন/এআরএ/আরআই