অপহরণের অভিযোগে অটোরিকশা চালক গ্রেফতার
অপহরণের অভিযোগে গাজীপুরের কোনাবাড়ি থেকে দক্ষিণ সুরমার মোগলাবাজারের কান্দিয়ারচরের সিএনজি চালিত অটোরিকশার চালক খালেদ আহমদকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। সেখান অপহৃত সৌদি প্রবাসীর স্ত্রী শিপা বেগম ও তার চার বছর বয়সী শিশু ছেলে শাহী আহমদ শাফিকেও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে তাদের কোর্টে হাজির করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) স্বপন কান্তি দাস। গ্রেফতারকৃত খালেদ মোগলাবাজার থানার কান্দিয়ারচরের মঞ্জুর মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ জুন সকালে স্থানীয় আল-ইকমা কিন্ডারগার্ডেনের সামন থেকে সৌদী প্রবাসী মজির উদ্দিন তালুকদারের স্ত্রী ও তার ছেলে শাফিকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূর পিতা গোলাপগঞ্জের লক্ষনাবন্দের আব্দুল মান্নান বাদি হয়ে ১১ জুন মোগলাবাজার থানায় অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলা নং ৭।
মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) স্বপন কান্তি দাস অপহৃতদের উদ্ধারে মাঠে নামেন। মোবাইল ফোনের সূত্র ধরে চলে পুলিশের অভিযান। একপর্যায়ে এসআই স্বপনের নেতৃত্বে মোগলাবাজার থানার একদল পুলিশ ঢাকার গাজীপুর পুলিশের সহযোগিতায় বুধবার রাতে গাজীপুরের কোনাবাড়ীতে অভিযান চালায়।
অভিযানকালে অপহৃত গৃহবধূ ও তার ছেলেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সিএনজি চালিত অটোরিকশা চালক খালেদ আহমদকে গ্রেফতার করে পুলিশ।
অন্য একটি সূত্র জানায়, খালেদ ও শিপার মধ্যে বেশ কিছুদিন ধরে গভীর সম্পর্ক তৈরি হয়। আর এর সুবাদে তারা একসঙ্গে গাজীপুরে পালিয়ে যায়।
এসআই স্বপন কান্তি দাস বলেন, বুধবার রাতে গ্রেফতার খালেদ ও অপহৃত গৃহবধূ ও তার ছেলেকে সিলেটে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
ছামির মাহমুদ/এআরএ/আরআই