কুমিল্লায় ১৭ ঘণ্টা পর অপহৃত যুবক উদ্ধার


প্রকাশিত: ০১:৪২ পিএম, ১৮ জুন ২০১৫

কুমিল্লায় অপহরণের ১৭ ঘণ্টা পর আকবর হোসেন নামে এক যুবককে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) । উদ্ধারকৃত মোবারক হোসেন ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি গ্রামের মো: হোসনের ছেলে। এ ঘটনায় জড়িত অভিযোগে নিগার সুলতানা নামের এক মহিলাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটকদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটকরা হলেন, কুমিল্লা মহানগরীর কালিয়াজুরী মুড়াপাড়া এলাকার মনিরুল ইসলামের মেয়ে নিগার সুলতানা (২৪), একই এলাকার কাজী দুলালের ছেলে কাজী তুহিন (২৫) এবং কুমিল্লা শাসনগাছা এলাকার কবির হোসেনের ছেলে মো. রুবেল (২৬)।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম জানান, সকালে কুমিল্লা মহানগরীর চকবাজার এলাকায় কর্মরত প্রাণ কোম্পানির এস.আর আকবর হোসেনকে অপরণকারী চক্রের এক নারী সদস্য মোবাইল ফোনে কৌশলে উপজেলার শাসনগাছা এলাকায় ডেকে নেয়। পরে তাকে পাশের বদরপুর এলাকার একটি নির্জন বাগানে আটকে রেখে দু`লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

তিনি আরো জানান, আকবরকে ছাড়িয়ে আনতে অপহরণকারীদের বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পরিশোধ করা হয়। ডিবির এসআই শাহ কামাল আকন্দ ও এসআই সহিদুল ইসলাম অভিযান চালিয়ে বুধবার রাত দেড়টার দিকে কুমিল্লার সদর উপজেলার বদরপুর এলাকা থেকে অপহৃতকে উদ্ধারসহ তিন জনকে আটক করে।

ওসি বলেন, ওই চক্রটি দীর্ঘদিন যাবৎ মেয়েদের মাধ্যমে মোবাইল ফোনে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে প্রতারণা করে অপহরণ করে। এরপর তারা মুক্তিপণ আদায় করে আসছিল। এ বিষয়ে বৃহস্পতিবার কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে।

কামাল উদ্দিন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।