মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১১:০৪ এএম, ০৮ অক্টোবর ২০১৭
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে মেঘনা গ্রুপের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক শ্রমিক নিখোঁজ রয়েছেন।

রোববার উপজেলার পিরোজপুর ইউনিয়নের মারিখালীর মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজ শ্রমিককে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ অব্যাহত রেখেছেন।

পুলিশ জানায়, রোববার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চলের মেঘনা গ্রুপে কর্মরত নরসিংদী জেলার পলাশ থানার ৫ শ্রমিক আষাঢ়িয়ার চর ব্রিজ সংলগ্ন মারিখালী নদীতে জাল দিয়ে মাছ ধরতে নামে। এ সময় নৌকাডুবির ঘটনা ঘটে। একপর্যায়ে ৫ জনের মধ্যে সাঁতার কেটে তিনজন নদীর পাড়ে উঠতে পারলেও বাকি দুইজন ডুবে যায়।

খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার অভিযানে পলাশ থানার ইলিয়াস মিয়ার ছেলে ইমরান হোসেনের (২৪) এর মরদেহ উদ্ধার করা হয়। একই থানার পারুলিয়া গ্রামের নিখোঁজ মাসুম মিয়ার (২০) সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত আছে।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ডুবুরি দল নিখোঁজ শ্রমিকের সন্ধানে ঘটনাস্থলে কাজ করছেন।

শাহাদাত হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।