বোয়ালখালীতে ট্রেন চলবে এক সপ্তাহ পর
রেল সচিব ফিরোজ সালাউদ্দিন বলেছেন, চট্টগ্রামের বোয়ালখালী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে আরো এক সপ্তাহ সময় লাগবে। রোববার সকালে বোয়ালখালীতে তেলবাহী ট্রেনের বগি ডুবে যাওয়ার ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি।
সচিব বলেন, দুর্ঘটনা কবলিত সেতু মেরামত করে এক সপ্তাহের মধ্যে রেল চলাচলের উপযোগী করে তোলা হবে। এ ছাড়া ডুবে যাওয়া ওয়াগন উদ্ধার করতে উদ্ধারকারী রিলিফ ট্রেন ব্রিজের কাছে নিয়ে আসতে হবে।
রোববার সকালে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রাম এসে সরাসরি দুর্ঘটনাস্থলে চলে যান রেল সচিব। এ সময় রেলের মহাপরিচালক আমজাদ হোসেন, পূর্বঞ্চলের জিএম মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার ওই এলাকায় সেতু ভেঙে তেলবাহী ট্রেনের ওয়াগন খালে পড়ে যায়। ডুবে যাওয়া ওয়াগন থেকে ফার্নেস অয়েল বের করতে না পারায় উদ্ধার কাজ চালাতে পারছে না রেলওয়ে কর্তৃপক্ষ।
বিএ/আরআইপি